অধ্যায় ২৪
ইস্রায়েলীয়রা একত্রিত হবে এবং সহস্র বছরে বিশ্রাম উপভোগ করবে—লুসিফারকে বিদ্রোহের জন্য স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিলো—ইস্রায়েল বাবিলের (বিশ্ব) উপর বিজয় লাভ করবে—যিশাইয় ১৪-এর সাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে।
১ কারণ প্রভু যাকোবের প্রতি করুণা করবেন, এবং ইস্রায়েলকে মনোনীত করবেন, এবং তাদেরকে নিজ দেশে স্থাপন করবেন; আর বিজাতিরা তাদের সাথে যোগ দেবে, এবং তারা যাকোবের বংশের সাথে সংযুক্ত হবে।
২ এবং জনগণ তাদেরকে নেবে এবং তাদের স্থানে পৌঁছে দেবে; হ্যাঁ, দূর থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত; এবং তারা তাদের প্রতিশ্রুত ভূমিতে ফিরে যাবে। এবং ইস্রায়েলের বংশ তাদের অধিকার করবে, এবং প্রভুর ভূমি দাস ও দাসীদের জন্য হবে; এবং তারা তাদের বন্দী করে নিয়ে যাবে যাদের কাছে তারা বন্দী ছিলো; এবং তারা তাদের অত্যাচারীদের উপর কর্তৃত্ব করবে।
৩ এবং সেই দিন এমন ঘটবে যে, তোমার দুঃখ থেকে, এবং তোমার ভয় থেকে, এবং যে কঠোর দাসত্বে তুমি আবদ্ধ ছিলে, তা থেকে প্রভু তোমাকে বিশ্রাম দেবেন।
৪ এবং সেই দিন এমনটা ঘটবে যে, বাবিলন রাজার বিরুদ্ধে তুমি এই প্রবাদটা তুলে ধরবে, এবং বলবে: অত্যাচারী কিভাবে শেষ হয়েছে, সোনার শহর কিভাবে শেষ হয়েছে!
৫ প্রভু দুষ্টদের লাঠি, শাসকদের রাজদণ্ড ভেঙ্গে দিয়েছেন।
৬ যে জনগণকে ক্রোধে ক্রমাগত আঘাত করতো, যে ক্রোধে জাতিসমূহকে শাসন করতো, সে নির্যাতিত হয়েছে, এবং কেউ বাধা দেয়নি।
৭ সমস্ত পৃথিবী সুস্থির, এবং শান্ত; তারা উচ্চস্বরে আনন্দ গান গাইছে।
৮ হ্যাঁ, দেবদারু ও লিবানোনের এরস গাছও তোমার বিষয়ে আনন্দ করে, এই বলে: যে সময় থেকে তোমার পতন হয়েছে তখন থেকে আমাদের বিরুদ্ধে কোনো কাঠুরিয়া আসেনি।
৯ তোমার আগমনে তোমার সাথে দেখা করার জন্য পাতালের নরক বিচলিত হয়েছে; এটা তোমার জন্য মৃতদেরকে, পৃথিবীর প্রধান সকলকে জাগিয়ে তুলেছে; এটা জাতিগণের রাজা সকলকে তাদের সিংহাসন থেকে উঠিয়েছে।
১০ তারা সকলে কথা বলবে এবং তোমাকে এই বলবে: তুমিও কি আমাদের মতো দুর্বল হয়ে গেছো? তুমি কি আমাদের মতো হয়ে গেছো?
১১ তোমার শ্রেষ্ঠত্ব কবরে নামিয়ে আনা হয়েছে; তোমার বেহালার ধ্বনি শোনা যায় না; কীট তোমার নিচে ছড়িয়ে পড়েছে, এবং কীটগুলো তোমাকে ঢেকে রেখেছে।
১২ হে লুসিফার, উষার সন্তান, তুমি কেমন করে স্বর্গ থেকে পড়ে গেলে! তুমি কেমন করে ভূপাতিত হলে, যে জাতিসমূহকে দুর্বল করে দিয়েছিলো!
১৩ কারণ তুমি তোমার মনে মনে বলেছো: আমি স্বর্গে আরোহণ করবো, আমি আমার সিংহাসন ঈশ্বরের নক্ষত্রগণের উপরে মহিমান্বিত করবো; আমি সমাবেশ পর্বতের, উত্তর দিকে বসবো;
১৪ আমি মেঘের উচ্চতার উপরে উঠবো; আমি সর্বোচ্চ ঈশ্বরের মতো হবো।
১৫ তবুও তোমাকে নরকে নামিয়ে আনা হবে, অতল গহ্বরের গভীরতম স্থানে।
১৬ যারা তোমাকে দেখবে, তারা তোমার প্রতি নিরীক্ষণ করবে, এবং তোমার বিষয়টা বিবেচনা করবে, এবং বলবে: এই কি সেই ব্যক্তি যে পৃথিবীকে কম্পিত করেছিলো, যে রাজ্যগুলোকে কাঁপিয়ে দিয়েছিলো?
১৭ এবং বিশ্বকে মরুভূমিতে পরিণত করেছিলো, এবং শহরগুলোকে ধ্বংস করেছিলো, এবং কারাগার থেকে বন্দীদের মুক্ত করেনি?
১৮ জাতিগুলোর সকল রাজারা, হ্যাঁ, তারা সকলে, গৌরবে শুয়ে আছে, প্রত্যেকে তার নিজ সমাধিতে।
১৯ কিন্তু তোমাকে তোমার কবর থেকে একটা ঘৃণ্য শাখার ন্যায় নিক্ষিপ্ত করা হয়েছে, এবং যারা নিহত হয়েছে তাদের অবশিষ্টাংশকে, তরবারির আঘাতে বিদ্ধ করে গর্তের পাথরের কাছে ফেলে দেওয়া হয়েছে; পদদলিত হওয়া মৃতদেহের মতো।
২০ তুমি তাদের সঙ্গে সমাধিস্থ হবে না, কারণ তুমি তোমার দেশ ধ্বংস করেছো এবং তোমার লোকদের হত্যা করেছো; অপকর্মার বংশধরেরা কখনো বিখ্যাত হবে না।
২১ তোমরা তার পূর্বপুরুষদের অপরাধের জন্য তার সন্তানদের হত্যার ব্যবস্থা করো, যেনো তারা না উঠে, এবং ভূমির অধিকারী না হয়, এবং ভূমণ্ডলকে শহর দিয়ে ভরিয়ে না দেয়।
২২ কারণ আমি তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াবো, বাহিনীগণের প্রভু বলেছেন, এবং বাবিলনের নাম, এবং অবশিষ্টাংশ, পুত্র, এবং ভ্রাতুষ্পুত্রকে, ধ্বংস করবো, প্রভু বলেছেন।
২৩ আমি আরও এটাকে বক পাখির অধিকার করবো; এবং জলাভূমি করবো; এবং ধ্বংসের ঝাড়ুতেই তাকে ঝাড়ু দেবো, বাহিনীগণের প্রভু বলেছেন।
২৪ বাহিনীগণের প্রভু শপথ করে বলেছেন: অবশ্যই আমি যেমন ভেবেছি, তেমনি এটা ঘটবে; এবং আমি যেমন সিদ্ধান্ত নিয়েছি, তেমনি এটা স্থির থাকবে—
২৫ যে আমি অশূরিয়াকে আমার ভূমিতে আনবো, এবং আমার পর্বতের উপরে তাদেরকে পদদলিত করবো; অতঃপর তাদের ঘাড় থেকে তাদের যোঁয়ালি সরে যাবে, এবং তাদের কাঁধ থেকে তাদের বোঝা সরে যাবে।
২৬ এটা হলো সমগ্র পৃথিবীর উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্ত; এবং এই হলো সেই হাত যা সমস্ত জাতির উপর প্রসারিত।
২৭ কারণ বাহিনীগণের প্রভু সিদ্ধান্ত নিয়েছেন, এবং কে তা বাতিল করবে? এবং তাঁর হাত প্রসারিত করা হয়েছে, আর কে তা ফেরাবে?
২৮ যে বছর রাজা আহস মারা যায় সেই বছর এই বিপর্যয় ঘটেছিলো।
২৯ সমগ্র পলেষ্টিয়রা, যে দন্ডে তোমাকে আঘাত করতো তা ভেঙ্গে গেছে বলে তুমি আনন্দ করো না; কারণ সাপের শিকড় থেকে একটা কেউটে উৎপন্ন হবে, এবং তার ফল হবে একটা অগ্নিময় উড়ন্ত সাপ।
৩০ এবং দরিদ্রদের জ্যেষ্ঠ সন্তানেরা খাবে, এবং অভাবগ্রস্তরা নিরাপদে শুয়ে থাকবে; এবং আমি দুর্ভিক্ষের দ্বারা তোমার শিকড়কে হত্যা করবো, এবং সে তোমার অবশিষ্টাংশকে হত্যা করবে।
৩১ হে নগরদ্বার; চিৎকার করো, হে শহর; কাঁদো, তুমি, সমগ্র পলেষ্টিয়া, বিগলিত হও; কারণ উত্তর দিক থেকে একটা ধোঁয়া আসবে, এবং কেউ তার নির্ধারিত সময়ে একা থাকবে না।
৩২ এই জাতিসমূহের দূতদের কি উত্তর দেবে? যে প্রভু সিয়োন প্রতিষ্ঠা করেছেন, এবং তাঁর দরিদ্র জনগণেরা এতে বিশ্বাস করবে।