ধর্মশাস্ত্র
২ নেফী ১৬


অধ্যায় ১৬

যিশাইয় প্রভুকে দেখেন—যিশাইয়ের পাপ ক্ষমা করা হয়েছে—তাঁকে ভবিষ্যদ্বাণী করার জন্য আহ্বান করা হয়েছে—যিহূদীদের দ্বারা খ্রীষ্টের শিক্ষাগুলো প্রত্যাখ্যানের বিষয়ে তিনি ভবিষ্যদ্বাণী করেন—একটা অবশিষ্টাংশ ফিরে আসবে—যিশাইয় ৬-এর সাথে তুলনা করো। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে।

১ যে বছর রাজা উষিয় মারা গেলো, একটা সিংহাসনে আমি প্রভুকে বসে থাকতে দেখলাম, উঁচু ও উচ্চে, এবং তাঁর পোশাকের নিচের অংশটা ধর্মধামকে পরিপূর্ণ করে তুলেছিলো।

২ সিংহাসনের উপরে ছিলেন সরাফগণ; প্রত্যেকের ছয়টা ডানা ছিলো; প্রত্যেকে দুটো ডানা দিয়ে মুখ ঢেকে রেখেছিলো, এবং দুটো ডানা দিয়ে পা ঢেকে রেখেছিলো, এবং দুটো ডানা দিয়ে তাঁরা উড়তো।

৩ এবং একজন আরেকজনকে, চিৎকার করে বলেছিলো: পবিত্র, পবিত্র, পবিত্র, বাহিনীগণের প্রভু; সমগ্র পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।

৪ এবং তাঁর চিৎকারের আওয়াজে দরজার কপাটগুলো নড়ছিলো, এবং ঘরটা ধোঁয়ায় ভরে গিয়েছিলো।

৫ এরপর আমি বললাম: ধিক্ আমাকে! কারণ আমার বিনাশ উপস্থিত; কারণ আমি অশুচি ঠোঁটের মানুষ; এবং আমি অশুচি ঠোঁটের মানুষদের মাঝে বাস করি; কারণ আমি সেই রাজা, বাহিনীগণের প্রভুকে দেখেছি।

৬ এরপর সরাফগণের একজন আমার দিকে উড়ে এলেন, তাঁর হাতে একটা জলন্ত কয়লা ছিলো, যা তিনি বেদী থেকে চিমটা দিয়ে নিয়েছিলো;

৭ এরপর তিনি তা আমার মুখের উপর রাখলেন, এবং বললেন: নিশ্চয়ই, এটা তোমার ঠোঁট স্পর্শ করেছে; এবং তোমার অন্যায় দূর হয়েছে, এবং তোমার পাপ মুছে ফেলা হয়েছে।

৮ এছাড়াও আমি প্রভুর কণ্ঠস্বর শুনলাম, তিনি বললেন: আমি কাকে পাঠাবো, এবং কে আমাদের জন্য যাবে? এরপর আমি বললাম: এই যে আমি; আমাকে পাঠান।

৯ তিনি বললেন: যাও এবং এই জনগণকে বলো—তোমরা শোনো, কিন্তু তা বোঝো না; এবং তোমরা দেখতে পাও, কিন্তু তা উপলদ্ধি করতে পারো না।

১০ এই জনগণের হৃদয় স্থুল করো, এবং তাদের কান ভারী করো, এবং তাদের চোখ বন্ধ করো—যাতে তারা চোখে দেখে, কান দিয়ে শোনে, এবং হৃদয় দিয়ে বুঝতে পারে, এবং পরিবর্তিত হয় এবং সুস্থ হয়ে যায়।

১১ এরপর আমি বললাম: প্রভু, আর কতদিন মানুষ এমন থাকবে? এবং তিনি বললেন: যতক্ষণ না শহরগুলো ধ্বংস হয়ে জনবসতিহীন হয়, এবং বাড়িগুলো মানুষবিহীন, এবং ভূমি সম্পূর্ণ নির্জন হয়;

১২ এবং প্রভু মানুষদের বহুদূরে পাঠিয়েছেন, কারণ এই ভূমিতে বিরাট পরিত্যক্ত স্থান থাকবে।

১৩ কিন্তু তারপরও এক দশমাংশ থাকবে, এবং তারা ফিরে আসবে, এবং তাদের গ্রাস করা যাবে, যেমনটা ওক এবং টিল গাছ, যাদের পাতা ঝরে গেলেও তাদের জীবনশক্তি তাদের মধ্যে থাকবে; তেমনই পবিত্র বংশই হবে তার জীবনশক্তি।