ধর্মশাস্ত্র
হেলামান ১৬


অধ্যায় ১৬

নেফীয় যারা সামুয়েলকে বিশ্বাস করে নেফীর দ্বারা বাপ্তিস্ম নেয়—নেফীয়দের মধ্যে যারা অনুতাপ করেনি তাদের তীর এবং পাথর দিয়ে সামুয়েলকে হত্যা করা যাবে না—কিছু নেফীয় তাদের হৃদয় কঠোর করে, এবং অন্যরা স্বর্গদূতদের দেখে—অবিশ্বাসীরা এটা বলে যে খ্রীষ্টে বিশ্বাস করা এবং যিরূশালেমে তাঁর আগমন যুক্তিসঙ্গত নয়। প্রায় ৬–১ খ্রীষ্টপূর্বাব্দে।

১ এবং এখন, এটা ঘটলো যে সেখানে অনেক নেফীয় ছিলো যারা সেই লামানীয়, সামুয়েলের কথা শুনেছিলো, যা তিনি শহরের দেওয়ালের উপরে বলেছিলেন। এবং যতজন তাঁর কথায় বিশ্বাস করেছিলো তারা এগিয়ে গিয়েছিলো এবং নেফীকে খুঁজেছিলো; এবং যখন তারা আসলো এবং তাঁকে খুঁজে পেলো তারা তাঁর কাছে তাদের পাপ স্বীকার করেছিলো এবং অস্বীকার করেনি, আশা করলো যেনো তারা প্রভুর উদ্দেশ্যে বাপ্তিস্ম নিতে পারে।

২ কিন্তু সেখানে যতজন ছিলো যারা সামুয়েলের কথা বিশ্বাস করেনি তারা তাঁর প্রতি ক্রুদ্ধ হয়েছিলো; এবং তারা প্রাচীরের উপর তাঁর দিকে পাথর নিক্ষেপ করেছিলো, এবং অনেকে তীরও নিক্ষেপ করেছিলো যখন তিনি দেয়ালের উপরে দাঁড়িয়ে ছিলেন; কিন্তু প্রভুর আত্মা তাঁর সঙ্গে এমনভাবে ছিলেন, যে তারা তাঁকে পাথর কিংবা তাদের তীর দিয়ে আঘাত করতে পারেনি।

৩ এখন যখন তারা দেখলো যে তারা তাঁকে আঘাত করতে পারছে না, সেখানে আরও অনেকে তাঁর কথা এতটাই বিশ্বাস করলো যে তারা বাপ্তিস্ম নিতে নেফীর কাছে এসেছিলো।

৪ কারণ দেখো, নেফী বাপ্তিস্ম দিচ্ছিলেন, এবং ভবিষ্যদ্বাণী করছিলেন, এবং প্রচার করছিলেন, জনগণের কাছে অনুতাপ করতে প্রচার করছিলেন, চিহ্নগুলো এবং চমৎকার লক্ষণগুলো দেখাচ্ছিলেন, জনগণের মধ্যে অলৌকিক কাজ করেছিলেন, যাতে তারা জানতে পারে যে খ্রীষ্ট অবশ্যই শীঘ্রই আসবেন—

৫ তাদেরকে সেই বিষয়গুলোর সম্পর্কে বলেছিলেন যা অবশ্যই শীঘ্রই আসবে, যাতে তারা সেগুলোর আসার সময়ে জানতে পারে এবং স্মরণে রাখতে পারে যে সেগুলো তাদের কাছে আগে থেকেই জানানো হয়েছিলো, এই উদ্দেশ্যে যেনো তারা বিশ্বাস করতে পারে; তাই যতজন সামুয়েলের কথাগুলো বিশ্বাস করেছিলো তারা তাঁর কাছে বাপ্তিস্ম নিতে গিয়েছিলো, কারণ তারা অনুতাপ করতে এবং তাদের পাপ স্বীকার করতে এসেছিলো।

৬ কিন্তু তাদের বেশির ভাগ অংশই সামুয়েলের কথাগুলো বিশ্বাস করেনি; তাই যখন তারা দেখলো যে তারা তাঁকে তাদের পাথর ও তীর দিয়ে আঘাত করতে পারেনি, তখন তারা চিৎকার করে তাদের সেনাপতিকে বললো: এই লোককে ধরো এবং তাঁকে বাঁধো, কারণ দেখো সে একটা শয়তান; এবং শয়তানের ক্ষমতার কারণে যা তার মধ্যে আছে আমরা তাকে আমাদের পাথর ও তীর দিয়ে আঘাত করতে পারিনি; তাই তাকে ধরো এবং বাঁধো, এবং তাকে নিয়ে যাও।

৭ এবং যখন তারা তাঁকে ধরতে এগিয়ে গেলো, দেখো, তিনি দেওয়াল থেকে নিজেকে নিচে নামালেন, এবং তাদের ভূমি থেকে বাইরে পালিয়ে গেলেন, হ্যাঁ, এমনকি নিজের দেশ পর্যন্ত পালিয়ে আসলেন, এবং নিজের লোকদের মধ্যে প্রচার করা এবং ভবিষ্যদ্বাণী দেওয়া শুরু করেছিলেন।

৮ এবং দেখো, তাঁর সম্বন্ধে নেফীয়দের মধ্যে আর কোনো কথা শোনা যায়নি; এবং এরকমই ছিলো জনগণের কার্যক্রম।

৯ এবং এভাবেই নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বের ছিয়াশিতম বছর সমাপ্ত হয়েছিলো।

১০ এবং এভাবেই বিচারকদের রাজত্বের সাতাশিতম বছর সমাপ্ত হয়েছিলো, জনগণের বেশিরভাগ অংশই তাদের অহংকার এবং মন্দতায় ছিলো, এবং ক্ষুদ্র অংশ ঈশ্বরের সামনে আরও সতর্কভাবে চলতে লাগলো।

১১ এবং বিচারকদের রাজত্বকালের আটাশিতম বছরেও এই অবস্থা ছিলো।

১২ এবং বিচারকদের রাজত্বের ঊনআশিতম বছরে, সেখানে জনগণের কার্যক্রমে সামান্য পরিবর্তন এসেছিলো, তা ছাড়া জনগণ অন্যায়ে আরো কঠোর হতে শুরু করেছিলো, এবং সেগুলোই আরো বেশি বেশি করতে লাগলো যা ঈশ্বরের আজ্ঞাগুলোর বিপরীত ছিলো।

১৩ কিন্তু এটা ঘটলো বিচারকদের রাজত্বকালের নব্বইতম বছরে, সেখানে জনগণের কাছে মহান চিহ্নগুলো এবং চমৎকার লক্ষণগুলো দেওয়া হয়েছিলো; এবং ভাববাদীদের কথাগুলো পূর্ণ হতে শুরু করেছিলো।

১৪ এবং স্বর্গদূতেরা মানুষদের কাছে আবির্ভূত হলেন, জ্ঞানী মানুষদের কাছে, এবং তাদের কাছে মহা আনন্দের সুসংবাদ ঘোষণা করলেন; কারণ এই বছরে ধর্মশাস্ত্র পূর্ণ হতে শুরু করলো।

১৫ তবুও, জনগণ তাদের হৃদয় কঠোর করতে শুরু করেছিলো, তাদের সবচেয়ে বিশ্বাসী অংশ ছাড়া, নেফীয় এবং লামানীয় উভয়ই, এবং তাদের নিজের শক্তি এবং জ্ঞানের উপর নির্ভর করতে শুরু করেছিলো, এই বলে:

১৬ অনেক কিছুর মধ্যে তাঁরা কিছু জিনিস সঠিক অনুমান করেছে; কিন্তু দেখো, আমরা জানি যে সকল মহান ও বিস্ময়কর কাজগুলো ঘটবে না, যা বলা হয়েছে।

১৭ এবং তারা নিজেদের মধ্যে তর্ক এবং বিবাদ করতে লাগলো, এই বলে:

১৮ এটা যুক্তিসঙ্গত নয় যে খ্রীষ্টের মতো এমন একজন ব্যক্তি আসবেন; যদি তাই হয়, এবং যদি তিনি ঈশ্বরের পুত্র, স্বর্গ এবং পৃথিবীর পিতা হন, যেমনটা বলা হয়েছে, তবে কেনো তিনি নিজেকে আমাদের সামনে আবির্ভূত করবেন না এমনকি যিরূশালেমে যারা আছে তাদের কাছে?

১৯ হ্যাঁ, কেনো তিনি নিজেকে এই ভূমিতে আবির্ভূত করবেন না যেমনটা তিনি যিরূশালেমের ভূমিতে করবেন?

২০ কিন্তু দেখো, আমরা জানি যে এটা হলো একটা মন্দ ঐতিহ্য, যা আমাদের পূর্বপুরুষদের দ্বারা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে, কিছু মহান ও বিস্ময়কর জিনিসে আমাদের বিশ্বাস করাতে যা ঘটবে, কিন্তু আমাদের মধ্যে নয়, বরং দূরের একটা ভূমিতে, একটা ভূমি যেটা আমরা চিনি না; তাই তারা আমাদের অজ্ঞতার মধ্যে রাখতে পারে, কারণ আমরা নিজের চোখে সাক্ষী হতে পারি না যে সেগুলো সত্য।

২১ এবং তারা ধূর্ততা এবং মন্দ একজনের রহস্যময় কৌশল দ্বারা কিছু বিস্ময়কর রহস্যের কাজ করবে যা আমরা বুঝতে পারবো না, যা আমাদেরকে তাদের কথার দাস হতে এবং তাদেরও দাস হতে নিচু করে রাখবে, কারণ আমরা সেই বাক্যগুলো শিখতে তাদের উপর নির্ভর করি; এবং এইভাবে তারা আমাদেরকে অজ্ঞতায় রাখবে যদি আমরা আমাদের জীবনের সমস্ত জীবনকাল তাদের কাছে সমর্পণ করি।

২২ এবং জনগণ তাদের হৃদয়ে অনেক বিষয়েই কল্পনা করেছিলো, যা মূর্খতা এবং বৃথা ছিলো; এবং তারা অনেক অস্থির ছিলো, কারণ শয়তান তাদেরকে ক্রমাগতভাবে অন্যায়ে উত্তেজিত করেছিলো; হ্যাঁ, সমস্ত ভূমণ্ডলে গুজব এবং বিবাদ ছড়াতে সে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিলো, যাতে সে যা ভালো ছিলো এবং যা আসবে সেগুলোর বিরুদ্ধে জনগণের হৃদয়কে কঠোর করতে পারে।

২৩ এবং প্রভুর লোকদের মধ্যে যে সমস্ত চিহ্নগুলো এবং চমৎকার লক্ষণগুলো সম্পন্ন করা হয়েছিলো, এবং তাঁরা যে অসংখ্য আশ্চর্য্যকাজ করেছিলো তা সত্ত্বেও, শয়তান সমস্ত ভূমিতে জনগণের হৃদয় শক্ত করে ধরে রেখেছিলো।

২৪ এবং এইভাবে নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের নব্বইতম বছর সমাপ্ত হয়েছিলো।

২৫ এবং এইভাবে হেলামান এবং তাঁর পুত্রদের নথি অনুসারে, হেলামানের পুস্তক সমাপ্ত হয়।